০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা: সিলেট থেকে ঘাতক বাসচালক গ্রেপ্তার

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ন


সুনামগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। 


বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া চালক জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের বাসিন্দা। 


র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, দুর্ঘটনার পরপরই চালক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় মামলা করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এর আগে, বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জয়কলস এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। সিলেটগামী একটি বাস ও বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশী (১৭) ও সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩)।


গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৭)-কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। তাদের সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


র‍্যাব-৯ জানিয়েছে, দুর্ঘটনার পর চালক আত্মগোপনে চলে গেলেও প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।




শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, সড়ক দুর্ঘটনা, বাসচালক, আটক, র‌্যাব-৯

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ