০৪ মে ২০২৬

অপরাধ-বিচার

জকিগঞ্জে বিত্তশালীর দেয়ালে অবরুদ্ধ, অসহায় পরিবার

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ১২:১১ অপরাহ্ন


সিলেটের জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ গ্রামের এক অসহায় পরিবার প্রায় দুই মাস ধরে বাড়ির বাইরে যেতে পারছে না। পার্শ্ববর্তী বিত্তশালী পরিবারের নির্মিত পাকা দেয়ালে একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি।

ভুক্তভোগী জেসমিন আক্তার রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনাটি তদন্ত ও প্রতিকার চেয়েছেন। সোমবার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও আলোচনায় আসে।

জেসমিন আক্তার অভিযোগপত্রে জানান, তার স্বামী লিটন আহমদ প্রতিবেশী প্রভাবশালীদের নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন। সংসার চালাতে তিনি নিজেই গ্রামে গ্রামে গিয়ে ওরস্যালাইন বিক্রি করেন। এই আয়ে চলে পরিবার, সন্তানদের লেখাপড়া এবং স্বামীর চিকিৎসা।

তাঁর দাবি, তাঁদের বাড়ির কিছু অংশ নিজেদের মালিকানাধীন হলেও কিছু অংশ ডিসি খতিয়ানে ওঠানো হয়েছে, যেখানে তারা নিয়মিত খাজনা দিয়ে উপস্বত্ব ভোগ করছেন। কিন্তু স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রভাবশালীরা ওই জমি আত্মসাতের চেষ্টায় নানাভাবে চাপে রেখেছে পরিবারটিকে।

তিনি অভিযোগ করেন, জকিগঞ্জ শহরের আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক এমাদ উদ্দিন ও তাঁর ভাই এনাম আহমদ পরিকল্পিতভাবে তাঁদের বাড়ির প্রবেশপথে পাঁচ ফুট উচ্চতার পাকা দেয়াল তুলে চলাচলের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। এতে করে চার সন্তান নিয়ে পরিবারটি কার্যত একঘরে অবস্থান করছে।

জেসমিন আক্তার আরও বলেন, “বাড়ির সামনে থাকা রাস্তাটি বহু বছর ধরে আমাদের পূর্বপুরুষসহ এলাকাবাসী ব্যবহার করে আসছেন। এখন দেয়াল তোলায় সন্তানরা নিয়মিত স্কুলে যেতে পারছে না, প্রয়োজনে চিকিৎসকের কাছেও পৌঁছানো যাচ্ছে না। দেয়াল টপকেই সন্তানদের স্কুলে পাঠাতে হয়, এতে তারা প্রায়ই আহত হয়। উপায় না পেয়ে প্রশাসনের সহায়তা চেয়েছি।”

খবর পেয়ে সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান। তারা জানান, ভুক্তভোগীদের বাড়িটি সত্যিই দেয়াল দিয়ে ঘেরা, এবং বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। দেয়াল ঘেঁষেই একটি বড় রাস্তা থাকলেও সেটি ব্যবহার করতে দিচ্ছে না বিত্তশালীরা।

স্থানীয় এলাকাবাসী জানান, ওই রাস্তাটি জেসমিন আক্তারের পূর্বপুরুষরাও ব্যবহার করতেন। তারা ঘটনাটি মীমাংসার চেষ্টা করলেও প্রভাবশালীরা তা মানছেন না। অভিযোগ আছে, জেসমিনের স্বামী মসজিদে বিষয়টি নিয়ে অভিযোগ করলে তাকেও হুমকি দেওয়া হয়েছে।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাংবাদিক কেএম মামুন জানান, তিনি উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করলে ইউএনও দ্রুত পদক্ষেপ নিতে জকিগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আজিজিয়া সেন্টারের মালিক এমাদ উদ্দিন বলেন, “রাস্তার জায়গাটি আমাদের মালিকানাধীন, আমরা তা কিনে নিয়েছি। তাই নিরাপত্তার জন্য দেয়াল নির্মাণ করেছি। জেসমিনদের চলাচলের কোনো অধিকার এই রাস্তায় নেই।”

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, পৌরসভা, আজিজিয়া সেন্টার.,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ