০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ২, জব্দ ৩ নৌকা

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ জুন, ২০২৫ ৪:০০ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতকে নদীপথে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর এলাকার চৈলতার ঢালা নামক স্থান থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে জব্দ করা হয়েছে বালুভর্তি তিনটি স্টিলের নৌকা এবং আনুমানিক ৩ হাজার ১০০ ঘনফুট বালু।

আটককৃতদের একজন তাহিরপুর উপজেলার ফকির নগর গ্রামের আলী হোসেন (৩২) এবং অপরজন জামালগঞ্জ উপজেলার মমিনপুর গ্রামের মফিজ মিয়া (৪০)। অভিযানকালে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আমবাড়ি গ্রামের আরশ আলী (৪০) নামের আরও একজন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্প ও নৌ–পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। অভিযান চলাকালে আটককৃতদের নৌকাগুলোতে বালু ভর্তি অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এমদাদনগরসহ ছাতকের বিভিন্ন এলাকায় ড্রেজার ও বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যার ফলে নদী ভাঙন ও পরিবেশের ভারসাম্যে মারাত্মক ক্ষতি হচ্ছে।

নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নদী ও পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।'

প্রসঙ্গত, গত ১৯ জুন একই এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৯টি বালুভর্তি নৌকা এবং সাতজনকে আটক করেছিল। তা সত্ত্বেও দৌরাত্ম্য কমছে না। এলাকাবাসীর দাবি, অবৈধ বালু উত্তোলনে জড়িত চক্রের মূলহোতাদের আইনের আওতায় আনা না গেলে এসব কার্যক্রম বন্ধ হবে না।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ছাতক বালু উত্তোলন, সুনামগঞ্জ বালু চুরি, অবৈধ বালু উত্তোলন, এমদাদনগর অভিযান, ছাতকে যৌথ বাহিনীর অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ