
প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার—৯ জুন। আজকের সারাদিনে সিলেট বিভাগে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি, ভারী বৃষ্টির পূর্বাভাস, তামাবিল সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশির প্রত্যাবর্তনসহ বেশ কয়েকটি আলোচিত ঘটনা। চলুন, একসঙ্গে জেনে নেই আজকের সব খবর....
- সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের শিলং কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে আজ বিকেল ৩টার দিকে তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি নাগরিক। বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ৬ জন সুনামগঞ্জের এবং ১ জন সিলেটের বাসিন্দা।
- সিলেটে বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় মাঠে সিসিক
সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনসহ চলতি বছরে এ পর্যন্ত বিভাগে মোট ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন; যার মধ্যে সর্বোচ্চ ১৩ জনই হবিগঞ্জের। ডেঙ্গুর প্রকোপ রুখতে আজ সকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগরীতে সচেতনতামূলক র্যালি ও প্রচারণা চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
- ১২ ঘণ্টায় ৫৮.২ মিলিমিটার বৃষ্টি, আরও ভারী বৃষ্টির আভাস
সিলেটে বৃষ্টির তীব্রতা বাড়ছেই। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় এখানে ৫৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়ও সিলেটের অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
- তাহিরপুরে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩ ঘণ্টা পর সুলতানা বেগম (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে উপজেলার ধুতমা গ্রাম সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় আবুল বাসারের স্ত্রী।
- সুবিদবাজারে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার একটি বাসা থেকে সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ময়নাতদন্ত ও তদন্ত না করার অনুরোধ সংবলিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মৃত কিশোর সুবিদবাজারের বাসিন্দা চিকিৎসক রুলী বিনতে রহিমের ছেলে।
- হামে আক্রান্ত হয়ে সিলেটে আরও এক শিশুর মৃত্যু
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন মাস ২০ দিন বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ জনে।
প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ী, আজকের মতো এই ছিলো সিলেট বিভাগের আলোচিত খবর। দেখা হবে অন্য কোন দিন, অন্য কোন খবরে। তৎক্ষণ সাথে থাকুন সিলেট ভয়েস’র।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেটের খবর, ডেঙ্গু পরিস্থিতি, তামাবিল সীমান্ত, সিলেট আবহাওয়া, সুনামগঞ্জ সংবাদ


