সিলেটে ১২ ঘণ্টায় ৫৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, ভারী বৃষ্টির আভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন
কয়েক দিনের ভ্যাপসা গরম ও টানা দুইদিন বৃষ্টির পর সিলেটে বর্ষার উপস্থিতি এখন আরও স্পষ্ট। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিভাগে প্রবেশ করার পর বৃষ্টি বেড়েছে, সামনে তা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েক দিনে দেশের অন্যান্য অঞ্চলেও মৌসুমি বায়ুর বিস্তার ঘটবে। এর প্রভাবে সিলেটে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিলেটের পাশাপাশি বরিশাল ও চট্টগ্রামের বিভাগেও মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে সারাদেশে বর্ষা ছড়িয়ে পড়তে পারে। ফলে সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের কয়েকটি অঞ্চলে এখনও মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও সিলেটে বর্ষার প্রভাব তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। দিনের বিভিন্ন সময়ে মেঘের আনাগোনা, দমকা বাতাস এবং থেমে থেমে বৃষ্টির কারণে আবহাওয়ায় এসেছে স্বস্তির ছোঁয়া। তবে বজ্রসহ বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান না করা এবং নদীপথে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্ষার শুরুতেই সিলেটের নদী-নালা, হাওর ও সবুজ প্রকৃতিতে প্রাণ ফিরতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সপ্তাহজুড়ে এই অঞ্চলে বৃষ্টিমুখর আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
সিলেট আবহাওয়া, সিলেটে বর্ষা, মৌসুমি বায়ু, সিলেটে বৃষ্টি, সিলেটে ভারী বর্ষণ, ঝড়ো হাওয়া, আবহাওয়া অধিদপ্তর