১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

দোয়ারাবাজারে যুবদল সভাপতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ ৯:০৯ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন যুবদল সভাপতি হারুনুর রশিদের বিরুদ্ধে মসজিদ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বোগলাবাজার ইউনিয়নের সোনাচুরা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহান মাস্টার, বোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মেম্বার, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, যুবদল নেতা খুরশেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান অনিক, বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম সানি, বোগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সোনাচুরা মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, ছিদ্দিক আলম প্রমুখ।

 

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একটি মসজিদ ও নিরীহ মানুষের বাড়িঘরে হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য অপরাধ। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও মসজিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত যুবদল সভাপতি হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও নানা অপকর্ম চালিয়ে আসছেন। এসব কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। 

 

এ বিষয়ে অভিযুক্ত হারুনুর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন বলেন, দলীয় পদ ব্যবহার করে কোনো ধরনের অপরাধ সংঘটিত করা দলীয় আদর্শের পরিপন্থী। ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায় বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা কোনো অনৈতিক কাজ করার সুযোগ নেই।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে ক্ষতিগ্রস্ত মসজিদ কমিটির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ এক যৌথ বক্তব্যে বলেন,আমাদের মসজিদে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সমাজবাসীর কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার, বোগলাবাজার ইউনিয়ন, যুবদল সভাপতি হারুনুর রশিদ, মসজিদে হামলা, সুনামগঞ্জ সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ