
সিলেটে চাঞ্চল্যকর শিশু ফাহিমা আক্তার হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও অপরাধীদের আইন অনুযায়ী যথাযথ সাজা নিশ্চিত করার বিষয়ে সরকার ও প্রশাসন পুরোপুরি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
রোববার (২৪ মে) সন্ধ্যায় সিলেটের সদর উপজেলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এমন একটা ঘটনা যেটা সারাদেশের মানুষকে হতবাক করে দেয়। এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ইনশাআল্লাহ আইন অনুযায়ী যথাযথ সাজাও হবে।’
মামলার অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘মূল আসামি যে— সে ধরা পড়েছে আর তার সহযোগী তারাও নজরদারীর মধ্যে রয়েছে বলে এসএমপি কমিশনার তাকে আশ্বস্ত করেছেন।’
মন্ত্রী বলেন, ‘ঈদের আগেই ডিএনএর রিপোর্ট আসবে। রিপোর্ট আসলেই পুলিশের পক্ষ থেকে চারশিট দাখিল করা হবে এবং এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য এবং এর আগের আইনি প্রক্রিয়াগুলি সম্পন্ন করার বিষয়ে সরকার এবং প্রশাসন ফুললি কমিটেড (প্রতিজ্ঞাবদ্ধ)।’ ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে এবং এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সে ব্যাপারে কোন কারপণ্য নেই বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, যে ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মাদকাসক্ত লোকজন এটির সাথে জড়িত। এই মাদকের উপরে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের দ্বারা সমাজ যেন ক্ষতিগ্রস্ত হতে না পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা দরকার।
বিচারের ব্যাপারে খন্দকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ৩০ দিনের মধ্যে বিচার হবে— এভাবে দিনক্ষণ বলেননি। দিনক্ষণ বলে দেয়াটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আদালতের বিষয়টা তো আমরা বলতে পারি না, যেটা বলতে পারি সেটা হচ্ছে আসামিকে সাজা দেয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অবলম্বনের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোন কারপণ্য, বিলম্ব নাই। যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে আমরা আসামির সর্বোচ্চ সাজা দেখতে চাই।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
ফাহিমা আক্তার, শিশু হত্যা, খন্দকার আব্দুল মুক্তাদির, ডিএনএ রিপোর্ট, সিলেট হত্যা মামলা

