
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অপরাধীদের শনাক্তে সিলেট নগরীতে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হবে। সিটি করপোরেশনের আওতাধীন প্রত্যেকটি এলাকায় এসব ক্যামেরা বসানো হবে।
রোববার (২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এ বিষয়ে দ্বিমত করার কিছু নেই। যে ঘটনা আপনার-আমার চোখের সামনে ঘটছে তা তো মানতেই হবে।
তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু অপরাধের বিষয়ে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে খুব দ্রুতই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধের বিচারে দীর্ঘসূত্রিতা নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীদের ধরতে সরকারের পদক্ষেপের ঘাটতি নেই। কিন্তু শাস্তি নিশ্চিতে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এটি সময় সাপেক্ষ। তবে সাম্প্রতিক ধর্ষণসহ ঘটে যাওয়া ঘটনার সাথে জড়িতদের বিচারিক প্রক্রিয়া মেনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এসব ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
কোরবানির চামড়া সংগ্রহ না করা নিয়ে সিলেটের কওমী মাদ্রাসাগুলোর ঘোষণার বিষয়ে তিনি বলেন, কোরবানীর পশুর চামড়ার সংরক্ষণে যাতে কোন সমস্যা না হয় সেজন্য মাদরাসাসহ স্থানীয় প্রশাসন তথা সরকার সকলেই তৎপর।
তিনি বলেন, চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ বছরে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই কোরবানির পর চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার ১ হাজার ১৫৮ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের প্রায় ৫৮ লাখ টাকা অনুদান তুলে দেন তিনি।
সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
খন্দকার আব্দুল মুক্তাদির, ফেস রিকগনিশন ক্যামেরা, সিলেট নগরী, আইনশৃঙ্খলা, সিসিক
