২৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে আলোচিত শিশু ফাহিমার পরিবারের পাশে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ মে, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন


সিলেট সদর উপজেলার সোনাতলা এলাকায় সম্প্রতি ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

 

রোববার (২৪ মে) সন্ধ্যায় তিনি শিশুটির বাবার বাড়ি পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সাক্ষাৎকালে মন্ত্রী ফাহিমার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর সৃষ্ট সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

 

পরিদর্শনকালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ডিএনএ রিপোর্ট পাওয়ার সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। অপরাধ বিভিন্ন জায়গায় ঘটলেও এটি একটি জঘন্যতম অপরাধ। এমন দুগ্ধপোষ্য বাচ্চার ওপর এই ধরনের নৃশংস নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ এমন জঘন্য অপরাধের সাথে জড়িতদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

পরিদর্শনকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেশ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান উপস্থিত ছিলেন। 

 

এর আগে বিকেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করেন মন্ত্রী।

 

সিসিক ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরাই সিটি কর্পোরেশনের প্রাণ। তাদের অবদানেই সিলেট শহর বাসযোগ্য থাকে। তাই সরকার তাঁদের সম্মান জানাতে প্রতি ঈদেই বিশেষ উপহার দিচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সব সময় পরিচ্ছন্নতাকর্মীদের কথা ভাবেন। গত ঈদেও উপহার পাঠিয়েছিলেন, এবারও পাঠিয়েছেন। সরকারের সামর্থ্য সীমিত, তারপরও আপনাদের প্রাধান্য দেওয়া হয়েছে।’

 

প্রসঙ্গত, গত ৬ মে জালালাবাদ থানার সোনাতলা এলাকা থেকে নিখোঁজ হয় শিশু ফাহিমা আক্তার। নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ১১ মে রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি ফাহিমা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগ স্বীকার করেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ফাহিমা আক্তার, খন্দকার আব্দুল মুক্তাদির, সোনাতলা, সিলেট, শিশু হত্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ